আগামী ৪৮ ঘন্টার মধ্যে নবগঠিত রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিল করা না হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের রংপুরে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা মহানগরীর পায়রা চত্ব্বরে এক সমাবেশে এই ঘোষণা দেন। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশ শেষে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু’র কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে জেলা বিএনপির কার্যালয় নিজেদের দখলে রেখে সাংগঠনিক তত্পরতা অব্যাহত রাখাসহ নয়া কমিটির নেতাদেরকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দেয়া হয়।
এর আগে শত শত নেতাকর্মী ঝাড়ু, স্যান্ডেল, জুতাসহ গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পায়রা চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার স্ত্রী বিএনপি নেত্রী মমতাজ শিরীন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জেলা সভাপতি রইচ আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজ-উন-নবী ডন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আবু তাহের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শামছুল হক ঝন্টু, জেলা ছাত্র দলের সভাপতি জহির আলম নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, ওয়ান ইলেভেনের সময় দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে না থেকে সংস্কারপন্থি হওয়া অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অর্থের বিনিময়ে একটি পকেট কমিটি গঠন করেছেন। সংস্কারপন্থি এই নেতা রংপুর বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে। তিনি লালমনিরহাট থেকে রংপুরে এসে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায়।
গতকাল বিকালে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র বক্তব্য নেয়ার জন্য কয়েকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নবগঠিত জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে রংপুর জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেছেন। তাই যারা আন্দোলন করছে তাদেরকেও আমরা সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামু দলের বিএনপি’র চেয়ারপার্সন যখন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন তখন মমতাজ শিরিন ভরসা কোথায় ছিলেন তা নেতাকর্মীরা জানতে চায়? তিনি দাবি করেন গতকালের বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি’র নেতাকর্মীর ছিল না।
এদিকে জেলা ও মহানগর বিএনপি’র কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রংপুরে বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।
