আশুগঞ্জে জাহাজ থেকে সার আনলোড বন্ধ

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৩৩
আমদানি করা সারের বস্তায় ওজনে কম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের বস্তায় ওজনে কম পাওয়া গেছে। ৫০ কেজির প্রতি বস্তায় সর্বনিম্ন এক কেজি থেকে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত কম পেয়ে গতকাল মঙ্গলবার জাহাজ থেকে আমদানি করা সার উত্তোলন বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে এসব সারের বস্তা কারখানা অধীনস্থ ৮ জেলার ডিলারদের সরবরাহ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ডিলারগণ বার বার কারখানা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে বলেও কোন প্রতিকার পাচ্ছে না। আর এসব সারের বস্তা ডিলারদের কাছ থেকে কিনে লোকসান গুণতে হচ্ছে খুচরা বিক্রেতাদের এবং প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ কৃষক। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে কারখানা থেকে সার উত্তোলন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ডিলারগণ। আমদানি করা সার জাহাজ থেকে আনলোড করা বন্ধ করে দেয়ায় কারখানার নদীর ঘাটে প্রায় ৪ হাজার টন সার নিয়ে আটকা পড়েছে ৫টি কার্গো জাহাজ। কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকটি বস্তা মেপে ওজনে কম পাওয়ায় জাহাজ থেকে সারের বস্তা আনলোড বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত প্রতিকার চেয়ে বিষয়টি লিখিতভাবে বিসিআইসি‘র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কি কারণে কোথায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও তিনি চট্টগ্রামে খোলা সার প্যাকিং করার সময় ওজনে কম দেয়া হতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে জেলা সার সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন বকুল জানান, ওজনে কম দেয়ার বিষয়টি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির গত মে মাসের সভায় অবহিত করা হয়েছে। গত এক মাসেও এর কোন প্রতিকার হয়নি।