বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে মফস্বল শহর চাটমোহর। ইতোমধ্যে শহরের সবখানে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে। ভবনে ভবনে, গাছের মগডালে, বৈদ্যুতিক খুঁটিতে আর যানবাহনে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। শত শত পতাকা উড়ানো হয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের। অফিস-আদালত, বিপনী বিতান, চা স্টলগুলোতে বিশ্বকাপের ফেভারিট দল আর প্রিয় খেলোয়াড় নিয়ে চলছে জম্পেস আড্ডা।
হাটবাজারে বিশ্বকাপের নামি-দামি খেলোয়াড়ের পোস্টার বিক্রি হচ্ছে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি গায়ে চড়িয়েছে সমর্থকরা। বিক্রি বেড়েছে স্টিকারের। কেউ কেউ ব্রাজিল, আর্জেন্টিনা আর স্পেনকে নিয়ে বাজিও ধরছেন।
চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামসুজ্জামান, কৃষি অফিসার রওশন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান আর্জেন্টিনার ভক্ত। অপরদিকে ভাইস চেয়ারম্যান আরজ খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সবিজুর রহমান সবুজ, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন ব্রাজিলের সমর্থক।
