উত্তরার দুই রুটে চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ যৌথ উদ্যোগে বিআরটিসি ২টি রুটে চক্রাকার বাস চালু করেছে। ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এই সেবা প্রদান করবে। একটি রুট উত্তরা পাসপোর্ট অফিস থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সোনারগাঁও জনপদে চক্রাকারে চলবে। অপরটি এয়ারপোর্ট থেকে সেক্টর ১২ পর্যন্ত চক্রাকারে চলবে। গতকাল উত্তরার রবীন্দ্র সরণিতে বিআরটিসি চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রতিবেশী ও আরো অনেক দেশ থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তবে গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুই মেয়র কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। সুস্থ, সচল, গতিময় ও আধুনিক ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। এই বাসগুলো সড়কে নির্বিঘ্নে চলতে হলে পথচারীদের ফুটপাথে চলতে হবে। তার আগে আমাদেরকে ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা আনতে উত্তরার ৭টি এভিনিউ থেকে পর্যায়ক্রমে লেগুনা উঠিয়ে দেওয়া হবে। সকল শ্রেণি-পেশার মানুষ একত্রে কাজ করলে, সচেতন থাকলে ঢাকার সকল সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভুঁইয়া, ঢাকা পরিবহন সমন্বিত কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।