প্রস্তাবিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা আইনের অস্পষ্ট ধারা বাতিল দাবি

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

প্রস্তাবিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৯ এর খসড়ায় নিবর্তনমূলক, অস্পষ্ট ও অনেকক্ষেত্রে সাংঘর্ষিক ধারা সন্নিবিষ্ট হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ধারাগুলো পরিবর্তন, পরিমার্জন ও বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে খসড়াটি ঢেলে সাজিয়ে অনুমোদনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আমরা জানতে পেরেছি যে, সম্প্রতি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নতুন আইনের খসড়া প্রস্তুত করেছে। খসড়া আইনটি পর্যালোচনা করে দেখা যায়, এর বেশ কয়েকটি ধারা-উপধারা এসব সংস্থাসমূহের কার্যক্রম পরিচালনায় ব্যাপক বাধা তৈরি করবে। একইসঙ্গে আইনের কয়েকটি ধারা-উপধারা ও শব্দের ব্যাখ্যায় অস্পষ্টতা থাকায় আইনটি অপব্যবহারের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে।