রাষ্ট্রপতি আবদুল হামিদ চলমান বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে একটি করে ফলের, ভেষজ এবং কাষ্ঠল বৃক্ষের চারা রোপণের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বৃক্ষরোপণ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এই ধারা বজায় রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলা- ২০১৪ এর অংশ হিসেবে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি বঙ্গভবন চত্বরে একটি আগর গাছের চারা রোপণ করেন বলে বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ উল্লে¬খ করে রাষ্ট্রপতি বলেন, সে কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামীণ জনপদ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণ উদ্বাস্তু হচ্ছে। কার্বন ডাই-অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস শোষণ করে গাছপালা পরিবেশ ও জলবায়ুতে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লে¬খ করে তিনি বলেন, এছাড়াও গাছপালা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা হ্রাস করে জীবন ও সম্পদ রক্ষায় ভূমিকা পালন করে।
রাষ্ট্রপতি বলেন, এই পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছের ভূমিকা অপরিহার্য। বনায়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের উল্লে¬খ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের কর্মকাণ্ড জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার বিশ্বাস, যদি এসব কর্মসূচি অব্যাহত থাকে তাহলে সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচি এবং বনায়ন মহাপরিকল্পনা অনুসারে ২০১৫ সালের মধ্যে ২০ শতাংশ জমি বনায়নের আওতায় আসবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
