জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় একটি রাস্তা নির্মার্ণকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। মেলান্দহ থানার ওসি মোঃ নাছিমুল ইসলাম জানান, উপজেলার টুপকার চর থেকে মেলান্দহ রেল স্টেশন পর্যন্ত একটি সরু রাস্তাকে যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ নিলে টুপকার চর গ্রামের লোকজনের সাথে শাহাজাদপুর খানপাড়া গ্রামের লোকজনের ফসল কেটে রাস্তা নির্মাণ শুরু করে। খবর পেয়ে শাহজাদপুর খানপাড়াসহ আশপাশের লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
