যশোরের বিভিন্নস্থানে টাঙ্গানো বিদেশি পতাকা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার অনুরোধের পর বেশিরভাগ পতাকা নামিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার গোটা শহর ঘুরে অল্পকিছু পতাকা দেখা গেছে। সোমবার যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বিশ্বকাপ খেলা উপলক্ষে বিভিন্ন স্থানে টাঙ্গানো বিদেশি পতাকা সরিয়ে নেয়ার আনুরোধ জানান। দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে এ অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার শহরের বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, যেসব স্থানে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশের বড় বড় পতাকা ঝুলছিল, সেগুলো সোমবার রাতেই এবং মঙ্গলবার সকালে সরিয়ে ফেলা হয়েছে। যেসব ফুটবলপ্রেমিরা এসব পতাকা টাঙ্গিয়েছিলেন, তারা নিজেরাই এ পতাকা সরিয়ে ফেলেছেন। তবে অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ সমালোচনাও করেছেন।
যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম ইত্তেফাককে বলেন, কেবলমাত্র বিদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক সম্মেলনেই বিদেশি পতাকা টাঙ্গানোর নিয়ম রয়েছে। তবে এভাবে পতাকা টাঙ্গানো নিয়মবহির্ভূত হলেও খেলার আবেগের সাথে এটা জড়িত।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যশোর শাখার ম্যানেজার মো. আব্দুর রশীদ বলেন, আমাদের জাতীয় পতাকা সবার ঊর্ধ্বে থাকবে। এর পাশাপাশি ছোটরা আবেগের বশে সমর্থিত দেশের পতাকা উড়ালে আপত্তি দেখি না। সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুরও অভিন্ন মত জানিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল জোয়ারের কারণে বিদেশি পতাকা টাঙ্গানোর ক্ষেত্রে আমি অন্যায় কিছু মনে করি না। তবে অবশ্যই আগে আমার দেশের পতাকা টাঙ্গাতে হবে। তারপরই কেবল সমর্থক দেশের পতাকা টাঙ্গানো যেতে পারে।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যত বিদেশি পতাকা টাঙ্গানো হয়েছিল, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসে দেশের এত পতাকা টাঙ্গানো হয় না। এটি আমাকে বেদনাহত করেছে।’ এ কারণে তিনি আইন মেনে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ জানান। জেলা প্রশাসক উল্লেখ করেন, এই নির্দেশনা প্রচার হওয়ার পর এটিকে ইতিবাচক হিসেবে নিয়ে অধিকাংশ মানুষ বিদেশি পতাকা নামিয়ে ফেলেছে। অনেকে তার কাছে ফোনে জানিয়েছেন, এ আইন তাদের জানা ছিল না। এজন্য তারা দুঃখিত ও লজ্জিত।
দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে যারা বিদেশি পতাকা সরিয়ে নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, ‘আমি কারো চেতনায় হাত দিতে চাই না। তবে আমি খুশি যে প্রায় ৯০ ভাগ পতাকা নেমে গেছে। যাদের বাসাবাড়িতে এখনো পতাকা আছে, তাদের নামিয়ে ফেলার জন্য আমি অনুরোধ করব।’
প্রসঙ্গত, সোমবার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪)-এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে। কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লংঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে (মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে) দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি। গণমাধ্যমে এ বিবৃতি দেয়ার পাশাপাশি শহরে এ নিয়ে মাইকিংও করা হয়।
