উত্পাদনের চেয়ে বিক্রি বেশি দেখাচ্ছে গ্যাস কোম্পানিগুলো!

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:৫৮
কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও বিদ্যুত্ খাত দ্রুত এগিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এখন উত্পাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু আমরা সরবরাহ করতে পারি মাত্র সাত হাজার মেগাওয়াট। এই পার্থক্য কমাতে হবে। ট্রান্সমিশন ক্ষমতা বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার বিদ্যুত্ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি সাশ্রয়: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুত্ বিভাগের যুগ্ম-সচিব সিদ্দিক জোবায়ের। বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, একসময় বিদ্যুত্ দেয়া সম্ভব হয়নি বলে ক্যাপটিভ পাওয়ারের অনুমোদন দেয়া হয়েছে। এখন আমরা বিদ্যুত্ দিতে সক্ষম। তাই ক্যাপটিভ পাওয়ারের বিষয়ে সিদ্ধান্তে আসা দরকার। আবাসিকে ৪৩ শতাংশ বিদ্যুত্ ব্যবহার হচ্ছে। এখানে যদি এলইডি বাল্ব ব্যবহার করা যায় তাহলে বিদ্যুতের ব্যবহার অর্ধেক কমে আসবে। এ জন্য অর্থ সহায়তা প্রয়োজন। তিনি আরো বলেন, গ্যাস সংযোগে মিটার দেয়া হলে অবৈধ সংযোগ ও চুরি বন্ধ হবে। এখন প্রায় দুইশ’ কিলোমিটার অবৈধ লাইন রয়েছে। মিটার বসাতে গেলে অর্থের প্রয়োজন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বলেন, গ্যাস সংযোগ পেতে জীবনের অর্ধেক এনার্জি ক্ষয় হয়। তিনি অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ঠিকাদারের মন যোগাতে না পারলে আপনিও গ্যাস সংযোগ পাবেন না। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের শাস্তির বিধান নেই। যে কারণে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রবণতা বেড়েছে। আইন করে হলেও কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। তিনি উল্লেখ করেন, গ্যাস কোম্পানিগুলো উত্পাদনের চেয়ে অনেক বেশি বিক্রি দেখাচ্ছে। কীভাবে সম্ভব এটি? আর এই অতিরিক্ত গ্যাস বিক্রির টাকা দিয়ে বছরে ১০ থেকে ১২টি বোনাস নিচ্ছে তারা। এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। সেমিনারে মূল প্রবন্ধে সিদ্দিক জোবায়ের বলেন, বর্তমানে সাধারণ বাতি ব্যবহার করে এক হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ খরচ হয়। সাশ্রয়ী বাতি ব্যবহার করলে এক হাজার ২০ মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয় করা সম্ভব। পুঁজিবাজার বিষয়ে সিদ্ধান্ত শেষ সপ্তাহে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের (অর্জিত মূলধনী মুনাফা) ওপর কর আরোপের বিষয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রতিবছরই বাজেট পাসের আগে এতে কিছু পরিবর্তন আনা হয়। সাধারণত বাজেট পাসের একদিন আগে এসব সিদ্ধান্ত নেয়া হয়। প্রসঙ্গত, চলতি অর্থবছরে প্রথমবারের মতো ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়।