হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে টিপরা পল্লী ও আশে-পাশের উঁচু-নিচু শতাধিক টিলা ঘিরে রেখেছে র্যাব। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার সানা শামীনুর রহমান জানিয়েছেন, এখানে আমাদের অভিযান অব্যাহত আছে, থাকবে। আর কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোন সময়-সীমা দেয়া যাবে না।
র্যাব সদস্যরা এখানে অভিযান চালিয়ে এ পর্যন্ত মেশিনগান ও রাইফেলের ৬৩৩ রাউন্ড গুলি, বিমান বিধ্বংসী ৫৪টি গোলা, ৪টি মেশিনগান, ২২২টি রকেট, ১টি রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার করেন। এ ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে দুটি মামলা হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, মামলা দুটি অত্যন্ত স্পর্শকাতর বিধায় সতর্কতার সাথে তদন্ত চলছে। যেন কোন নিরীহ লোক হয়রানির শিকার না হয়-সেটা আমরা দেখছি।
এদিকে গতকাল ঘটনাস্থলে গিয়ে টিপরা পল্লী ঘুরে কোন পুরুষ লোকের সন্ধান পাওয়া যায়নি। ৪০টি পরিবারের অধিকাংশ ঘরেই তালা ঝুলছে। কোন কোন ঘরে বাইরে তালা থাকলেও ভিতরে বয়স্ক, মহিলা ও শিশু-কিশোরদের দেখা গেছে।
