শীর্ষে যখন ক্যাপেলো-হজসন!

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:২৮
দু জনের কারোরই আর্ন্তজাতিক পর্যায়ে কোনো সাফল্য নেই। মিল বলতে একটাই—দু জনই ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচ। এই মিল দিয়ে ফ্যাবিও ক্যাপেলো ও রয় হজসন কী করে বিশ্বসেরা হয়ে গেলেন! বেতনের দিক থেকে। বিশ্বাস করুন আর নাই করুন, এখনও পর্যন্ত আর্ন্তজাতিক ফুটবলে শূন্য হাতে থাকা এই দু জনই এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের দুই কোচ। গতকাল ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল তাদের সূত্রের বরাত দিয়ে বিশ্বকাপের ৩২ কোচের বেতনের ঠিকুজি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে বার্ষিক ৬৬ লাখ ৯৩ হাজার ৭৫০ পাউন্ড বেতন নিয়ে ৩২ কোচের মধ্যে সবার ওপরে আছেন রাশিয়ার ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো। ৩৫ লাখ পাউন্ড বাষিক বেতন নিয়ে ইংল্যান্ডের কোচ রয় হজসন আছেন তালিকার দুই নম্বরে। সর্বোচ্চ বেতন পাওয়া ১০ জন কোচের মধ্যে ৭ জনই ইউরোপিয়ান। তিন নম্বর স্থানে আছেন ইতালিয়ান কোচ সিজার প্রান্দেল্লি। আর সেরা দশে একমাত্র লাতিন কোচ ব্রাজিলের লুই ফেলিপ স্কোলারি। এরপর যথাক্রমে সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন ও হল্যান্ডের কোচরা আছেন। আর এশিয়ার জাপানের কোচ নবম সর্বোচ্চ বেতন পাচ্ছেন বছরে। এই তালিকায় দশ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। আর্জেন্টিনার আলেসান্দ্রো সাবেলা আছেন ২১ নম্বরে। বছরে তার আয় মাত্র ৪ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড। আর পুরো হিসাবে দেখা যাচ্ছে ঘানার কোচ কিউশি আফিয়া ও মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা ৩১ ও ৩২ নম্বরে আছেন। মানে, এরাই সবচেয়ে কম বেতন নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে। বোঝাই যাচ্ছে যে, টাকা ব্যাপারটা অব অর্থেই ইউরোপেই সবচেয়ে বেশি দাপট দেখাতে পারছে।