স্ত্রী বলেছিলেন বলে!

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:২৮
কেমন হতো, যদি এখন ইংল্যান্ড জাতীয় দলের কোচ থাকতেন হোসে মরিনহো? শুনতে একটু অস্বাভাবিক মনে হলেও ব্যাপারটা বাস্তবে রূপ নিতেও পারত। অন্তত মরিনহো নিজে তাই বলছেন। ২০০৭ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তখন নাকি একরকম রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজি হননি তার স্ত্রী নিষেধ করায়। চলতি বিশ্বকাপে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন বর্তমান পৃথিবীর অন্যতম সেরা এই ক্লাব কোচ। বিশ্বকাপ প্রসঙ্গে একটু হতাশা তার থাকাই স্বাভাবিক। কারণ, ক্লাব পর্যায়ে যত সফল কোচই হোন না কেন, এখনও পর্যন্ত বিশ্বকাপে যে যেতে পারলেন না! মরিনহো বলছেন, সে সুযোগটা গত বিশ্বকাপেই আসতে পারত, ‘আমাকে ইংল্যান্ড থেকে দায়িত্ব নিতে বলা হয়েছিল। আমি রাজীও হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী বলল, কোনোভাবেই ইংল্যান্ডের চাকরি নয়। সে সঠিক বলেছিল।’ এতদিন পর মরিনহোর কেন মনে হচ্ছে, স্ত্রীই সঠিক ছিলেন? কারণও মরিনহো ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এই বছরে একটা দুটো সান মারিনো বা কাজাখাস্তানের বিপক্ষে ম্যাচ চালিয়ে তার জীবন কাটতো না, ‘আমার স্ত্রী সঠিক বলেছিল। সেই আমাকে না করেছিল। আজকের কথা বলছি না। সাত বছর আগের ঘটনা সেটা। ওই দায়িত্ব নিলে আমাকে দু বছর ধরে অপেক্ষা করতে হতো, এটা বড় টুর্নামেন্ট খেলার জন্য। বাকি সারা বছর সান মারিনো আর কাজাখাস্তানের বিপক্ষে খেলে আমার পোষাতো না।’