মৌলভীবাজারে নারী আইনজীবী খুন!

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:২৮

জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ

 বড়লেখা সংবাদদাতা ও মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবিদা সুলতানা খুন হয়েছেন। রবিবার বড়লেখা উপজেলার মাধবগুল গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে ওই হত্যাকাণ্ডের পর বাড়ির ভাড়াটিয়া স্থানীয় মসজিদের ইমাম তানভীর আহমদ পালিয়ে গেলে তাকে সোমবার দুপুরে শ্রীমঙ্গল বরুনা এলাকা থেকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। আবিদা সুলতানা খুন হওয়ার খবরটি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার সকালে তারা ঘটনার রহস্য উদঘাটন ও খুনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণের সড়কে বিভিন্ন সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের ক্ষোভ ও ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীর বাড়ির একটি কক্ষ থেকে গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়। লাশের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবিদার পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া তানভীর আহমদ ঘটনার পর থেকে পালিয়েছিল।

জিজ্ঞাসাবাদের জন্য তানভীরের মা ও স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনার পর মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার সকালে আদালত প্রাঙ্গণের সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরেল আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, রমাপদ দাস গুপ্ত, রাধাপদ দেব সজল, আব্দুল খালিক, আব্দুল মতিন চৌধুরী, মাহবুর আলম রুয়েল প্রমুখ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, ঘাতক তানভির আবিদার পৈতৃক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো ও পাশের একটি মসজিদে ইমামতি করতো। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার আমানদি গ্রামের ময়নুল ইসলামের পুত্র।