বিএসডিআইয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩১
বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) সম্প্রতি ভোকেশনাল ট্রেনিং ফর ইয়ুথ প্রকল্পে বৃত্তিপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে যুব সমাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ বিএসডিআই নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুত্ফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএডিআইয়ের একাডেমিক অ্যাডভাইজর ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম ও পরিচালক কেএম হাসান রিপন।