ভূঞাপুরে সড়কের উপর দোকানপাট!

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩০

দুর্ঘটনার ঝুঁকি

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুর-তারাকান্দি সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী শতাধিক দোকানপাট। ভূঞাপুর বাসস্ট্যান্ড হতে বাজার মোড় পর্যন্ত সড়কে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দোকানপাটের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে সড়কের উপর ঝুঁকি নিয়ে ঈদের কেনাকাটা করছে সাধারণ মানুষ। এতে যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত।

ফুটপাতে কাপড় কিনতে আসা ক্রেতারা জানান, মার্কেটের শোরুমে গেলে সেখানে জিনিসের দাম বেশি। ফলে সড়কের পাশে এসব দোকানে আসছি ছেলেমেয়েদের ঈদের জামাকাপড় কম দামে কিনতে। সড়কের উপর দোকানে কেনাকাটা করতে ঝুঁকিতো আছেই। সাবধানে বাজার করতে হচ্ছে। তারপরও অনেকেই সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন। এসব দোকানপাট যদি একটা নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা হতো তাহলে নিম্নআয়ের মানুষের উপকার হতো।

ফুটপাতের একাধিক ব্যবসায়ী জানান, অন্যত্র ব্যবসা করার সামর্থ্য না থাকায় সড়কের পাশেই দোকানপাট তুলে ব্যবসা করছি। এতে যে আয় রোজগার হয় তা দিয়ে জীবিকানির্বাহ করি। এছাড়া এখানে দোকান করতে প্রতিদিন চাঁদা দিতে হয় প্রভাবশালীদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, সড়কে যানজট নিরসনের জন্য আনসার নিয়োগ করা হবে। সড়কের উপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য পৌরসভা ও সওজ কর্তৃপক্ষের ভূমিকা গ্রহণ করতে হবে। অথচ ওই দুইটি প্রতিষ্ঠানকে বারবার অবহিত করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।