ব্রাজিল বিশ্বকাপে কে সর্বোচ্চ গোলদাতা হবেন তা সময়ই জানিয়ে দেবে। তবে ফিটনেস ঠিক থাকলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনাল্ডোর রেকর্ডটি যে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ভেঙ্গে দিতে যাচ্ছেন তা একরকম নিশ্চিত। কেননা রোনাল্ডোর ১৫ গোলের রেকর্ডটি ভাঙ্গতে কেবল দুবার লক্ষ্যভেদ করলেই চলবে পোলিশ বংশোদ্ভুত জার্মান ফরোয়াড ক্লোসার। ক্লোসা ১৪ গোল নিয়ে অভিযানে নামবেন।
গত সোমবার তিনি নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন রেকর্ডটিতে চোখ রেখেই। তার আগে আর্মেনিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গোল করে জার্ড মুলারকে ছাড়িয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। জার্মানির হয়ে ১৩২তম ম্যাচে তিনি ৬৯তম গোল করে ছাড়িয়ে যান পূর্বসুরীকে। তবে ব্রাজিলে জার্মান দলের সাফল্যের সাথে তার রোনাল্ডোকে অতিক্রমের বিষয়টি অনেকখানি নির্ভরশীল। কেননা গ্রুপ পর্বে মাঠে নেমেই গোল না পেলে পরের দিকে জার্মানি উপরে ওঠার উপর নির্ভর করবে ক্লোসার সাফল্য। তবে পরিস্থিতি যে তার অনুকূলে তা বলাই বাহুল্য।
জার্মানি এবারের বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ১৬ জুন পর্তুগালের বিপক্ষে খেলে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ঘানা এবং সাবেক জার্মান কোচ উর্গেন ক্লিন্সম্যানের প্রশিক্ষণে থাকা যুক্তরাষ্ট্র দলের মুখোমুখি হবে জার্মানরা।
রোনাল্ডো (ব্রাজিল) গোল ১৫টি
(ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপে ৪টি, দক্ষিণ কোরিয়া-জাপান ২০০২ বিশ্বকাপে ৩টি, জার্মানী ২০০৬ বিশ্বকাপে ৩টি)। জার্মানিই ছিল তার শেষ বিশ্বকাপ। ফর্মে ছিলেন না বলে গত বিশ্বকাপে তার জায়গা হয়নি। বর্তমানে তো নিজের দেশের বিশ্বকাপে সংগঠকের ভূমিকা তার। জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি গড়ে ছাড়িয়ে যান জার্ড মুলারের আগের রেকর্ডটি। এখন তার রেকর্ডের খুব কাছাকাছি দাঁড়িয়ে জার্মানির আরেক খেলোয়াড় ক্লোসা।
জার্ড মুলার (জার্মানি) ১৪ গোল
সর্বকালের অন্যতম সেরা জার্মান ফুটবলার ১৯৭০ সালে মেক্সিকোর আসরে ১০ গোল করেন। ব্রাজিলের রোনাল্ডো বর্তমানে সর্বোচ্চ গোলের অধিকারী হলেও এক আসরে মুলারের ১০ গোল রেকর্ড সত্যিই অনন্য।
মিরোশ্লাভ ক্লোসা (জার্মানি) ১৪ গোল
প্রতিভাময় এই জার্মান ফরোয়ার্ড হ্যাটট্রিক করেন ২০০২ আসরে, সৌদি আরবের বিরুদ্ধে। এবারের আসরে রোনাল্ডোর রেকর্ড ভাঙ্গার দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি।
জাঁ ফতে (ফ্রান্স) ১৩ গোল
এক আসরে মুলারের চেয়েও বেশি গোল করেন এই ফরাসী ফরোয়ার্ড। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও ১৯৫৮ সালে এক আসরেই তিনি এই গোলগুলো দিয়ে রেকর্ডের অধিকারী হন, যা আজও অম্লান।
পেলে (ব্রাজিল) ১২ গোল
অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার। ব্রাজিলের কিংবদন্তী। তিনিই একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলের তিনবার বিশ্বকাপ বিজয়ী দলে খেলেছেন।
উর্গেন ক্লিন্সম্যান (জার্মানি) ১১ গোল
সুদর্শন এই জার্মান তিন আসরে ১১ গোল করেন। যার মধ্যে ১৯৯৪ সালে ৫টি এবং ১৯৯০ ও ১৯৯৮ সালে ৩টি করে গোল দেন। বিশ্বকাপের ইতিহাসে ক্লিন্সম্যান হলেন জার্ড মুলারের পর দ্বিতীয় জার্মান যিনি দশ বা ততোধিক গোল করতে সক্ষম হন। বর্তমানে যুক্তরাষ্ট্র দলের কোচ হিসেবে বিশ্বকাপে আছেন। এছাড়াও ১১ গোল দিয়েছেন হাঙ্গেরির স্যান্ডর কোচসিস। তিনি অবশ্য কেবল ১৯৫৪’র বিশ্বকাপটিই খেলেছেন।
গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা) ১০ গোল
বাত্তিগোল নামে পরিচিত গ্যাব্রিয়েল ওমর বাতিস্তুতা সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন। বিশ্বকাপে তার দুটি হ্যাটট্রিক রয়েছে। প্রথমটি করেছেন ১৯৯৪ আসরে গ্রিসের বিরুদ্ধে। এরপর ১৯৯৮ আসরে জ্যামাইকার বিরুদ্ধে করেন দ্বিতীয়টি। এ কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে তিনি হচ্ছেন বিশ্বের পঞ্চম ফুটবলার। বিশ্বকাপে ১০ গোল করা অন্য খেলোয়াড়রা হলেন হেলমুট রান (জার্মানি), লাতো (পোল্যান্ড), গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ও কুবিলাস (পেরু)।
রবার্তো ব্যাজিও (ইটালি) ৯ গোল
সতীর্থ ক্রিশ্চিয়ান ভিয়েরি ও পাওলো রসির মত দেশের হয়ে তিন আসরে গোল করেন ব্যাজিও। ভিয়েরি ও রসির গোলও নয়টি করে। ভিয়েরি ১৯৯৮ ও ২০০২ ইটালি দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। অপরদিকে রসির ৬ গোলে ১৯৮২ সালে ইটালি তৃতীয়বার বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপে ৯ গোল করা অন্য তারকা হচ্ছেন: ব্রাজিলের জেয়ারজিনহো ও ভাভা, জার্মানির কার্ল হেইঞ্জ রুমেনিগে ও উয়ে সেলের, ইউসেবিও (পর্তুগাল), রুমেনিগে (জার্মানি)।
দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা) ৮ গোল
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার তিন আসরে ৮ গোল করেন। এর মধ্যে ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তার অসাধারণ দুই গোলে জয়ী হয়ে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করে। ম্যারাডোনা হন টুর্নামেন্টের সেরা ফুটবলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐ ম্যাচের প্রথম গোলটিকে ঈশ্বরের হাত বলে বর্ণনা করেন তিনি। অপরদিকে দ্বিতীয়টি বিশ্বকাপের ইতিহাসের সেরা গোল হিসাবে স্বীকৃত। বিশ্বকাপে আট গোল করা অন্য ফুটবলাররা হলেন : ব্রাজিলের রিভালদো, অ্যাডেমির ও লেওনিডাস এবং রুডি ফোয়েলার (জার্মানি), গুইলার্মো স্ট্যাবিল (আর্জেন্টিনা), ডেভিড ভিয়া (স্পেন) ও অসকার মিগুয়েজ (উরুগুয়ে)।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
রোনালদো ১৫ গোল
জার্ড মুলার ১৪ গোল
মিরোস্লাভ ক্লোসা ১৪ গোল
জাঁ ফতে ১৩ গোল
পেলে ১২ গোল
