হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩১

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দিলীপ রায় উমেদনগর এলাকার বাসিন্দা।

সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারিজের ব্যবসা করেন। রবিবার রাতে তিনি চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যান। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

মৃত ব্যবসায়ী দিলীপ রায়ের ছেলে দিপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। তার দাবি বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।