পুরনো ঢাকায় প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

আপডেট : ১১ জুন ২০১৪, ২২:৫৫
পুরনো ঢাকায় দিন-দুপুরে গুলি ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের গুলিতে আহত হয়েছেন দোকান মালিক সুমন সূত্রধর (৩৭)। গতকাল বুধবার দুপুরে ৮১, তাঁতীবাজার (ঝুলবাড়ি), নবাব ভবনের ‘ধর এন্ড কোং বুনিয়ান স্টোর’-এ এই ডাকাতির ঘটনা ঘটে। দোকানের কর্মচারী স্বপন জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে সবাই কাজে ব্যস্ত ছিল। এসময় ৭/৮ ডাকাত ক্রেতাবেশে কারখানায় প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে তারা মালিকসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করার চেষ্টা করে। মালিক সুমন সূত্রধর এসময় ডাকাত ডাকাত বলে চিত্কার করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আশপাশের লোকজন ঘটনা টের পেয়ে গেলে ডাকাতরা দোকানের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ককটেল ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পর আসে পুলিশ। তিনি আরো জানান, এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ সুমন সূত্রধরকে প্রথমে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার দিকে স্থানান্তর করা হয় পঙ্গু হাসপাতালে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কে এম ফিরোজ আল জালাল জানান, ডাকাতরা দোকান থেকে ৭/৮ ভরি স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।