বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ চিঠিটি এসে পৌঁছায়। চিঠির শেষে নূর হোসেনের নাম ও স্বাক্ষর থাকলেও এটা আদৌ নূর হোসেনের কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে চিঠির মধ্যে সেভেন মার্ডারের ঘটনার জন্য চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে দোষারোপ করা হয়েছে।
চিঠিতে প্রেরকের ঠিকানা হিসেবে ইংরেজিতে সুব্রত পোদ্দার, লিলিপট ফ্যাশন হাউজ, ১২/এ, মারকুইজ স্ট্রিট, কলকাতা-৭০০০১৬, ইন্ডিয়া লেখা রয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ চিঠি আসার কথা স্বীকার করে বলেছেন, চিঠিটি আদৌ নূর হোসেনের কিনা সেটা আমরা নিশ্চিত না। চিঠির বিষয়টি পুলিশের কাছে জানানো হয়েছে। এটা যাচাই করা উচিত।
