বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সংলাপ অনিবার্য। কিন্তু ক্ষমতাসীন দল দেশে একনায়কতন্ত্র কায়েম করতেই সংলাপে আগ্রহী নন। মধ্যবর্তী নির্বাচন নিয়ে সংলাপ না হলে আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলনের বিকল্প নেই। নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই হবে আলোচনার একমাত্র এজেন্ডা।
গতকাল জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম প্রমুখ।
