রাজশাহীতে ৫০ বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ

আপডেট : ১১ জুন ২০১৪, ২৩:০৫
বিশ্বজুড়ে চলছে ফুটবলের বড় আসর বিশ্বকাপ নিয়ে মাতামাতি। ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্ব ফুটবলের আসর এবারো ৫০টি বড় পর্দায় দেখবে রাজশাহী মহানগরবাসী। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করেছেন। নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, বাড়ির ছাদ, দোকান কিংবা যানবাহন সর্বত্র শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। বিভিন্ন দোকানে চলছে এখন প্রিয় খেলোয়াড় বা দলের জার্সি ও পতাকা কেনার হিড়িক। এই সুযোগে একশ্রেণির অসাধুু ব্যবসায়ী চড়া দামে পতাকা ও জার্সি বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এদিকে জনপ্রিয় ফুটবল খেলায় প্রিয় দলের খেলোয়াড়দের ২ পায়ের ম্যাজিক দেখতে এখনো অনেকেই নতুন টেলিভিশন কিনতে ছুটছেন ইলেক্ট্রনিক্সের দোকানগুলোতে। নগরীর বিভিন্ন দোকান ঘুরে গতকাল বুধবার এমন চিত্রই দেখা গেছে। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিভিন্ন পাড়া মহল্লা ও অলিগলির চায়ের দোকান এমনকি জনবহুল এলাকায় চলছে প্রিয় দল নিয়ে ভক্তদের আলোচনা-সমালোচনার ঝড়। নগরীর বিনোদপুরের বাসিন্দা রায়হান হোসেন পাভেল বলেন, আমাদের দেশে ফুটবলের নাম আসলেই ব্রাজিল-আর্জেন্টিনা এই দুটি দলের কথা চলে আসে। চির-প্রতিদ্বন্দ্বী এই ২ দলের আমাদের দেশীয় সমর্থক-ভক্তরা খুব বেশি উন্মদনায় মেতে ওঠেন। নগরীর বিভিন্ন কাপড় ও দর্জির দোকান এমনকি ফুটপাতে ঘুরে এর প্রমাণ পাওয়া যায়। ভক্ত ও সমর্থক বেশি হওয়ায় এখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছে রেডিমেইড ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা এবং জার্সি। তবে অন্যান্য দেশের ভক্তও কম নেই। এরমধ্যে রয়েছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দলের ভক্তদের দেখা যাচ্ছে রাজশাহীতে। পতাকায় ফুটবল প্রেম নগরীর বিনোদপুর, তালাইমারি, সাহেব বাজার, লক্ষ্মীপুর, আলুপট্টির মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রিয় দলের সমর্থকরা সংশ্লিষ্ট দেশের ১ থেকে ১৬ ফুট পর্যন্ত লম্বা পতাকা টাঙিয়েছেন বাড়ির ছাদে, দোকানে বা রাস্তার পাশে। ব্রাজিলের ভক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজোয়ান ইসলাম বলেন, প্রিয় দলটির ভালোবাসা প্রকাশ করতে ছাদে ব্রাজিলের পতাকা উড়ানো ছাড়া জার্সিও কিনেছি। ৫০টি বড় পর্দায় খেলা দেখবে মহানগরবাসী ফুটবলের এই বিশ্বব্যাপী আসরকে ঘিরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে প্রতিবারের মতো এবারো নগরীর ৩০টি ওয়ার্ড এলাকায় একটি করে মোট ৩০টি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখানো হবে। এছাড়া জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড়ে আরও অন্তত ২০টি বড় পর্দায় খেলা দেখাবে রাসিক। এছাড়া খেলা চলাকালীন বিদ্যুত্ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডও বাড়তি ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এদিকে এবারের বিশ্বকাপের আসর ব্রাজিলে হওয়ায় প্রতিটা খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় গভীর রাতে। তাই যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য বিশেষ সতর্ক রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, এবারের বিশ্বকাপ ফুটবল আসরের সবগুলো খেলা যাতে ভক্ত ও সমর্থকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সেজন্য আরএমপির বিশেষ ফোর্স নিয়োজিত ও সতর্ক থাকবে। নগরীর আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গত ১ জুন থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।