চরফ্যাশনে বাস চাপায় নিহতদের দাফন সম্পন্ন এলাকায় শোকের ছায়া

আপডেট : ১১ জুন ২০১৪, ২৩:০৬
ভোলার চরফ্যাশনে বাসের নিচে চাপা পড়ে নিহত হাবিবুর রহমান, মো. হাদিস, আনিছ মাঝি, মো.কাঞ্চন মাঝি ও সাইফুল ইসলামের লাশ গতকাল বুধবার যোহরের নামাজের পর জনতা বাজার কলেজ মাঠে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার জন্য লাশগুলো কলেজ মাঠে আনা হলে সেখানে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গতকাল বুধবার নিহতদের বাড়ি ঘুরে দেখা গেছে, তাদের পরিবারে চলছে শোকের মাতম। একই এলাকায় এতো মানুষের প্রানহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাবিবুর রহমান’র পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর একই স্থানে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমানের স্ত্রী আয়তুন নেছা মারা গেছেন। পর পর সংসারের ২ অভিভাবকের মৃত্যুতে তাদের ছেলে-মেয়েরা অসহায় হয়ে পড়েছেন। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মামলা হয়নি। গত মঙ্গলবার রাতে দ্রুতগামীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতা বাজারে কয়েকজনকে চাপা দেয়।