আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির জন্মই অবৈধ। তাই কাউকে অবৈধ বলার নৈতিক অধিকার তাদের নেই। নেতাকর্মীদের হতাশা দূর করতেই তারা সরকারকে অবৈধ বলছেন। বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার বাদল রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিএনপিকে ষড়যন্ত্রকারীদের দল হিসাবে আখ্যায়িত করে হানিফ বলেন, তারা এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই তারেক রহমানকে দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে।
সংগঠনের সভাপতি তারানা হালিম এমপি’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
