দিনাজপুরের বউ বাজারে উপচেপড়া ভিড়

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের বউবাজারে ঈদ উপলক্ষে উপচে-পড়া ভিড়। ঈদ যতই ঘনিয়ে আসছে এই বাজারে ভিড় ততই বাড়ছে। এদিকে বউবাজার নামকরণের পেছনে কারণ জানতে চাইলে মালদহপট্টির স্থানীয় দোকানি টুলু ইসলাম বলেন, বউবাজার নামটা এসেছে মূলত এখানে প্রথমদিকে নতুন বউয়েরা কাপড় কিনতে আসতো বলে। এখনো প্রতি শুক্রবার অনেক নতুন বউ কাপড় কিনতে আসেন এখানে। বর্তমানে এই বউবাজার এমন পরিচিতি পেয়েছে যে, ভিড়ের জন্য রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়ে।

বউবাজারের অস্থায়ী দোকানি মো. মোস্তাফুর ইসলাম বলেন, আমরা এখানে নিয়মিত দোকান করি না। সপ্তাহে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান করেই চলে যাই। তিনি আরো বলেন, শুক্রবারে মালদহপট্টির দোকানগুলো বন্ধ থাকে। এই বন্ধের দিনে আমরা অন্য জায়গা থেকে এসে এখানে দোকান  দেই। বেচাবিক্রিও আল্লাহর রহমতে ভালোই হয়।

সরেজমিনে বউবাজারে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী ও মেয়েদের উপচে-পড়া ভিড়। বউবাজারে মূলত ওয়ান পিস, টু-পিস, থ্রি-পিস, থান কাপড়, টুকরা কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। বউবাজারে দিন দিন বাড়ছে নারী দোকানদারের সংখ্যা। বর্তমানে সাত থেকে আটজন নারী বউবাজারে দোকান করছেন। দোকানি মিতু আক্তার বলেন, আমি মূলত মেয়েদের কাপড় বিক্রি করি। শুক্রবার সকাল থেকেই চলে আমাদের বিক্রি। এবার ঈদ উপলক্ষে বিক্রি ভালো হলেও গত ঈদের থেকে কম বিক্রি হচ্ছে বলে জানান তিনি।