দৃষ্টিনন্দন হচ্ছে চট্টগ্রাম নগরীর দুইটি সড়ক

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩৩

চট্টগ্রাম অফিস

নগরীর দুই গুরুত্বপূর্ণ আগ্রাবাদ অ্যাকসেস ও পোর্ট কানেকটিং রোডের কাজ এগিয়ে চলছে। ঈদের আগেই রোড দুইটির এক পাশের কাজ শেষ করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।

সোমবার পোর্ট কানেকটিং রোডে কার্পেটিংয়ের কাজ পরিদর্শনে গিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন সন্তুষ্টি প্রকাশ করেন।

মেয়র বলেন, রাস্তা দুইটির কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আগ্রাবাদ অ্যাকসেস রোডের বেপারীপাড়া থেকে পোর্ট কানেকটিং রোডের দক্ষিণাংশ এবং পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তার পূর্বাংশ ঈদের আগে কার্পেটিং লেয়ারের কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তিন ধাপে কার্পেটিং হবে। এতে সড়ক টেকসই হবে। রাত-দিন কাজ চলছে। সড়কের পাশে আরসিসি ড্রেন করা হয়েছে। মিড আইল্যান্ড হবে, বিউটিফিকেশনও করা হবে, বসবে এলইডি লাইট। সব মিলিয়ে সড়ককে দৃষ্টিনন্দন করা হবে।

অসচ্ছল ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চেক বিতরণ

চট্টগ্রাম জেলা পরিষদের সমাজ কল্যাণ খাত থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদের সচিব নুসরাত সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, সদস্য আ ম ম দিলশাদ, আনোয়ার কামাল চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

৬১ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে ৪ লাখ ৪৯ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।