পৃথক ঘটনায় নিহত তিন

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৯
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পলাশবাড়ীতে বাস চাপায় শিশু নিহত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাকোয়া বেইলী ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাস চাপায় শিহাব (৯) নামে এক শিশু মারা গেছে। পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস শিহাবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। উলিপুরে পথচারী নিহত কুড়িগ্রামের উলিপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় হাজী রহমত আলী নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমলগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধূপাটিলা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে শামছুল হক (৩০) নামে এক কৃষক মারা গেছেন। কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তিনি নিহত কৃষকের বাড়ি গিয়ে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবেন।