পরিসংখ্যানবিদদের ধারণা অনুযায়ী বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরেই রাখবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। নিজেদের যোগ্যতা বলেই তারা এটি করতে সমর্থ হবে বলে গবেষণার ফলাফলে জানা গেছে। সুইস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইস ফুটবল অবসারভেটরি জানিয়েছে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরে অংশগ্রহণকারী ৩২টি দেশের সকল খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে তারা একটি নিবিড় গবেষণা চালায়। যার ফলাফলে দেখা গেছে অন্য দেশগুলোর তুলনায় স্প্যানিশ ফুটবলাররা এগিয়ে রয়েছে। গবেষণা সূত্রটি জানিয়েছে, ফাইনালে ব্রাজিলকে পরাজিত করেই স্পেন শিরোপা ধরে রাখবে। অন্যদিকে আর্জেন্টিনা তৃতীয় ও ফ্রান্স পাবে চতুর্থ স্থান।
সিআইইস ফুটবল অবসারভেটরির বিশেষজ্ঞরা মূলত এই সমীক্ষায় বিপুলসংখ্যক তথ্য-উপাত্ত, খেলোয়াড়দের ক্যারিয়ারে বিভিন্ন খেলার ইকোনোমেট্রিক মেথড প্রয়োগ করেছেন। এক্ষেত্রে তারা লীগ ম্যাচ এবং সেখানকার গোলগুলোকে বিবেচনায় এনেছেন। গত দুই বছরের লীগ ম্যাচ এবং ২০১২ সালের পর থেকে জাতীয় দলে তাদের সাফল্য এবং বিশ্বকাপে তাদের খেলা সর্বমোট ম্যাচগুলো এখানে বিবেচ্য ছিল। বাসস
