ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু সেপ্টেম্বরে

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:০১
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীস্থ সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প স্থান পেয়েছে। প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে মহাখালী হয়ে তেজগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার এবং র্যামসহ প্রায় ৪৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। মন্ত্রী আরো বলেন, এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২শ’ জনকে প্রায় ১৩৫ কোটি টাকার চেক প্রদান করা হবে। প্রথম পর্যায়ে মন্ত্রী গতকাল ২৬ জনকে প্রায় ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সকল ক্ষতিগ্রস্তকে অর্থ পরিশোধ করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন, ঢাকার জেলা প্রশাসক মো. ইউসুফ হারুন, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মি. মুনচাই, প্রকল্প পরিচালক কাজী মুহাম্মদ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।