সাতটি প্রকাশনী প্রতিষ্ঠানের আয়োজনে গতকাল শুরু হয়েছে গ্রীষ্মের বই উত্সব। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ বইমেলা চলবে ২৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। উত্সবে ৩০ থেকে ৫০ শতাংশ মূল্যছাড়ে বই কেনা যাবে।
উত্সব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জমির, সুব্রত বড়ুয়া, খায়রুল আলম সবুজ, মোরশেদ শফিউল হাসান, কবি ফারুক মাহমুদ, কবি মিনার মনসুর, সাইমন জাকারিয়া, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, কাকলী প্রকাশনীর প্রকাশক এ কে নাসির আহমদ সেলিম, অুনপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ, অনন্যা’র প্রকাশক মনিরুল হক, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, নিমফিয়া পাবলিকেশন্সের প্রকাশক করুণাংশু বড়ুয়া ও প্রথমার পক্ষে জাফর আহমেদ রাশেদসহ অংশগ্রহণকারী প্রকাশকদের প্রকাশিত বইয়ের নবীন-প্রবীণ লেখকবৃন্দ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পাইরেসি নিয়ে সেমিনার
গীতিকার, সুরকার কণ্ঠশিল্পীদের অধিকার নিয়ে গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। সেমিনারে ‘রিলেটেড রাইটস : অংশীজনের যৌথ অধিকার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন কবি মুহম্মদ নুরুল হুদা। সেমিনারে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল জব্বার, তপন মাহমুদ, মাকসুদুল হক, সুজিত মোস্তফা, হামিন আহমেদ, সাফিন আহমেদ, মানাম আহমেদ, বিশ্বজিত্ ঘোষ প্রমুখ।
শহিদুল আলমের আলোকচিত্র প্রদর্শনী ‘১৮’
কল্পনা চাকমা অপহরণের ১৮ বছর পেরিয়ে যাওয়া স্মরণে জনপ্রিয় আলোকচিত্রী শহিদুল আলমের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। প্রদর্শনীতে কল্পনা চাকমার খুঁজে পাওয়া বিভিন্ন জিনিস, দৈনিক পত্রিকার ক্লিপিং, কল্পনার ডায়েরি থেকে উদ্ধৃত অংশ, কল্পনার ব্যবহূত উপাদান স্থান পেয়েছে।
আবৃত্তি অনুষ্ঠান
সুকুমার বৃত্তির চর্চা পরীশিলিত সমাজ ব্যবস্থারই একটি অংশ। যা কখনোই সুশীল সমাজ থেকে হারিয়ে যেতে পারে না। আর এ কারণেই সমাজের সৃষ্টিশীল সচেতন ও আশাবাদী তারুণ্যের কণ্ঠে উচ্চারিত হয় কাব্যিক ভাবনার পংক্তিমালা। যা পাঠককে ও শ্রোতাকে আলোড়িত করে শিল্পোত্তীর্ণ সুন্দরের ভাবনায়। এমনই শিল্পোত্তীর্ণ সুন্দরের ভাবনায় ভাবিত করলো ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’-এর পাঁচজন নবীন আবৃত্তি শিল্পী তাদের মনহরণ করা আবৃত্তি দিয়ে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’ আয়োজিত এই আবৃত্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি পরিবেশন করেন- চিত্রা রোজারিও, তাবাস্সুম মোস্তফা চৈতি, কাজী সামিউল আজিজ, নাজরানা কাকলী এবং মীর মাহ্মুদুল হাসান।
আমরা কুঁড়ি’র তেইশ বছর পূর্তি
আলোচনা ও সংগীত অনুষ্ঠান এবং নাচ-গান-সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজিত শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’ তাদের তেইশ বছর পূর্তি উদ্যাপন করলো।
গতকাল বিকালে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান এমজেএফ সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন অভিনেতা প্রবীর মিত্র, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
গ্যালারি কায়ায় আজ থেকে কার্টুন প্রদর্শনী
গ্যালারি কায়ায় আজ শুরু হচ্ছে কার্টুনিস্ট শাহরিয়ার খানের প্রথম কার্টুন প্রদর্শনী। বিকালে ‘টাইম লাইন’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জনপ্রিয় কার্টুনিস্ট শিল্পী শিশির ভট্টাচার্য। সমসাময়িক রাজনীতির গতি-প্রকৃতি, তার অন্তঃসারশূন্যতা ফুটে উঠেছে কার্টুনগুলোতে। গ্যালারির ঠিকানা বাড়ি-২০, রোড- ১৬, সেক্টর - ৪, উত্তরা।
গোপাল ভাঁড় নিয়ে একক বক্তৃতা বাংলা একাডেমীতে
‘বাঙালির গোপাল ভাঁড় : একটি লোক-চরিত্রের নির্মাণের সন্ধানে’ এবং ‘মধ্যযুগের বাংলায় সাংস্কৃতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক দুটি পৃথক একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। আগামী রবিবার সকাল ১১টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করবেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক অধ্যাপক গৌতম ভদ্র। একই বক্তা ১৬ জুন সোমবার বিকাল ৪টায় একই সভাকক্ষে ‘মধ্যযুগের বাংলায় সাংস্কৃতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন।
