সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী আরো পাঁচ বিচারককে শপথ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ নেয়া বিচারকরা হলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মোঃ বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দ। সোমবার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন। অতিরিক্ত বিচারক হিসাবে দুই বছর দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাদেরকে এ নিয়োগ দেন। গতকাল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন মিলনায়তনে স্থায়ী বিচারকদের এ শপথ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রসঙ্গত, বর্তমানে হাইকোর্টে ৮৯ জন বিচারক রয়েছেন। আর আপিল বিভাগে রয়েছেন ৮ জন বিচারক।
