অনিয়ম-দুর্নীতির রেকর্ডপত্র নষ্ট, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌনে দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডিজিএম পদের দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন— আবুল কালাম আজাদ ও এস এম তারেক রহমান। কল কনভার্ট করার মাধ্যমে তারা এই অর্থ আত্মসাত্ করেন বলে অভিযোগে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কমিশনের উপ-পরিচালক মোফাজ্জল হোসেন হাওলাদার আদালতে ঐ চার্জশিট দাখিল করেন।
দুদক সূত্র জানায়, গত ২০১১ সালের ১১ অক্টোবর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ দু’জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ তদন্তে তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ায় গত বুধবার কমিশনের নিয়মিত সভায় এ চার্জশিটের অনুমোদন দেয়া হয়।
