গার্মেন্টস খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস মার্কিন নীতি নির্ধারকদের

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:০৫
জিএসপি ও শুল্কমুক্ত সুবিধা আদায়ে মার্কিন পলিসি প্রণেতাদের সাথে বুধবার বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে গার্মেন্টস খাতের মানোন্নয়নে বিগত সময়ে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে স্থগিত হওয়া জিএসপি ফেরত এবং গার্মেন্টস পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার আহ্বান জানান। বৈঠকে তিনি জানান অল্প সময়ে গার্মেন্টস সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে । যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের প্রতিনিধি (ইউএসটিআর) মাইকেল ফ্রোমেন বাংলাদেশের গার্মেন্টস খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে কংগ্রেসম্যান স্যান্ডার্স লেভিন, স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ফর ইকোনমিক গ্রোথ ক্যাথিরিন নোভেলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স নিশা দেশাই বিশওয়ালসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারি এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে বাণিজ্য মন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমঅধিকার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ইউএসটিআর অ্যাম্বাসেডর ফ্রোমেন টিকফা চুক্তি সফলতার সাথে সম্পাদনের জন্য বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশের গার্মেন্টস খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। আন্ডার সেক্রেটারি নোভেলী বলেন, জিএসপি’র মূল প্রোগ্রাম কংগ্রেস কর্তৃক নবায়ন এখনো হয়নি এবং তা নবায়ন হওয়ার পর বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিশওয়াল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থে দু’দেশের মধ্যে চলমান অংশীদারিত্বের প্রশংসা করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ আব্দুল মুহিত, কমার্শিয়াল কাউন্সেলর মোঃ শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং সংশ্লিষ্ট বেসরকারি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।