দেশে বর্তমানে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৬ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে, শিগগিরই আরো ৬টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান সেমিনার কক্ষে প্রধানমন্ত্রীর নামে নবনির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরো বলেন, ফ্ল্যাটের মধ্যে আর বিশ্ববিদ্যালয় করার সুযোগ নেই। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নব প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গবেষণায় দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩তম হল হিসেবে নবনির্মিত পাঁচতলা এ হলে ৬৪৮ ছাত্রীর আবাসিক সুবিধা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি হল নির্মাণাধীন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের, শেখ হাসিনা হলের প্রেভোস্ট অধ্যাপক ফরিদ আহমেদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
