বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও গেলবারের রানার্স আপ নেদারল্যান্ডস আজ শুক্রবার রাত ১টায় পরস্পরের মোকাবেলার মধ্য দিয়ে তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে রাত ১০টায় মাঠে নামবে আফ্রিকার অন্যতম ফুটবল শক্তি ক্যামেরুন ও মধ্য আমেরিকার দেশ মেক্সিকো। এছাড়াও রাতটিতে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার চিলি ও এশিয়ার চার প্রতিনিধির অন্যতম অস্ট্রেলিয়া। বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সনি সিক্স, সনি এইচডি, মাছরাঙ্গা, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন বিশ্বকাপের খেলাগুলো সরাসরি দেখাচ্ছে। আগামিকাল শনিবার রাতেও খেলা হবে তিনটি। এর মধ্যে কলম্বিয়া-গ্রীস রাত ১০টায়, উরুগুয়ে-কোস্টারিকা রাত ১টায় এবং ইংল্যান্ড-ইটালি শেষ রাত ৪টায় মাঠে নামবে। এছাড়া রবিবার সকাল ৭টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।
ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মোকাবেলার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মাঠে গড়ালো ২০তম বিশ্বকাপ ফুটবল। গত রাতে বিশ্বকাপ শুরুর প্রাক্কালেও দক্ষিণ আমেরিকার এ দেশটিতে বিক্ষোভ হয়েছে। তবে একই সাথে ব্রাজিলীয়রা ৬৪ বছর পর তাদের দেশে ফের আসা বিশ্বকাপটিকে বরণ করেও নেয়।
