এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন আড়াইহাজারের দুই গ্রামের ৮জন

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:১৩
আড়াইহাজার উপজেলায় এ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস খেয়ে দুটি গ্রামে মানুষের মধ্যে এ্যানথ্রাক্স রোগ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটজন রোগী চিকিত্সা নিয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: হাবিব ইসমাইল ভুঁইয়া। এরা হলেন— কল্যান্দী গাঙকুল পাড়া গ্রামের রাব্বি ও আবুল কালাম, দক্ষিণপাড়া ছোট খামারচর গ্রামের রিফাত, আব্দুর রহমান, মজিবুর, রহমান মিয়া, হাসিনা ও সুরুজ মিয়া। গতকাল দুপুরে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ছোট খামারচর গ্রামে গিয়ে এ্যানথ্রাক্স আক্রান্ত আব্দুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ মে গ্রামের সুরুজ মিয়ার ছেলে বাবুল মিয়ার একটি গৃহপালিত গরু হঠাত্ অসুস্থ হয়ে পড়লে জবাই করে মাংস বিক্রি করা হয়। বাজারদরের চেয়ে কম দাম পেয়ে গ্রামের অনেকেই মাংস কিনে নেয়। কিন্তু যারা গরু জবাই, মাংস কাটাকাটি ও চামড়া নেয়ার কাজ করে তারা হাতে চুলকানি অনুভব করে। কয়েকজনের হাতের আঙ্গুলে ঠোঁসার মত দেখা দেয়। এভাবে দক্ষিণপাড়া ও পার্শ্ববর্তী কল্যান্দী গ্রামের আটজন লোক আক্রান্ত হয়। সবাই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিত্সা নেয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ হাবিব ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, আমরা আক্রান্ত সকল রোগীর চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করেছি।