যশোরে নিহত রুবেল ও সেলিমের বাড়িতে শোকের মাতম

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:১৪
ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়লেও মালয়েশিয়া পৌঁছাতে পারেননি জেলার মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুরের গ্রামের রুবেল (২৮) ও সেলিম (২০)। বরং পাচারকারীদের গুলিতে লাশ হয়ে তারা বাড়িতে ফিরেছেন। শুধু এই ২ জন নয়, এনায়েতপুর গ্রামের আরো ৮ জন ছিলেন ওই দলে। তারাও আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। এমন ঘটনায় এনায়েতপুরে চলছে শোকের মাতম। এর পাশাপাশি তাদের নিয়ে যাওয়া দালাল মিন্টু ও রফিকুলের বিরুদ্ধে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন। যশোর সদর ও ঝিকরগাছা উপজেলার সীমান্ত ঘেঁষে মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে এনায়েতপুর গ্রামের অবস্থান। হঠাত্ করে গত ৪ জুন বুধবার সন্ধ্যায় এই গ্রামের ১০ যুবক ঘর ছাড়ে। এনায়েতপুর গ্রামের দালাল মিন্টু ও রফিকুল তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য কক্সবাজারে নিয়ে যান।