বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর ৪৭ সীমান্ত পিলার এলাকায় মায়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র গুলিতে এক বাংলাদেশি কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন । গতকাল দুপুর দেড়টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী আশারতলী ৪৭ নং সীমান্ত পিলার এলাকায় আশারতলীর মির আহমদের পুত্র দিল মোহাম্মদ কাঠ কাটতে গেলে মায়ানমার বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিপি) ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়ে । বিজিপি সদস্যের ওই গুলি দিল মোহাম্মদ কোমরের নিচে লাগে । প্রত্যক্ষদর্শীরা আশংকাজনক অবস্থায় দিল মোহাম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় । কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. আব্দুস সালাম বলেন, দিল মোহাম্মদের অবস্থা আশংকাজনক । এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে । এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সফিকুর রহমান বলেন, এক সপ্তাহ আগে মায়ানমার বিজিপি গুলিবর্ষণের পর ফের গতকাল ১২ জুন গুলিবর্ষণ করেছে।
