বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী মহসীন আলী সড়কের নামফলক উন্মোচন

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৪৫
স্বাধীনতার ৪৩ বছর পর বগুড়ার একমাত্র শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের নামে নিজ শহরে একটি সড়কের নামকরণ করা হলো। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঐ সড়কের নামফলক উন্মোচন করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন। অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের আত্মত্যাগের স্বীকৃতি প্রদান ও শহীদের স্মৃতি রক্ষায় সরকারিভাবে নামকরণের উদ্যোগ নেয়া হয়। শহরের সেউজগাড়ি ময়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনের সড়ক হতে শহীদের বাসভবনের সামনের সড়ক পর্যন্ত সড়কটিকে ‘শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান সড়ক’ নামকরণ করা হয়েছে । শনিবার নামফলক উন্মোচনকালে বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি আহসানুল হক খান স্বপন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক চাঁদনী বাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়, শহীদ জায়া ফজিলাতুন্নেছা দেওয়ান, শহীদের সন্তান সাংবাদিক ফারুখ ফয়সল, স্নিগ্ধা আহসান স্বপ্না ও ফারুখ বিনীত ফয়সল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ জুন রাজাকারদের সহায়তায় অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে পাকিস্তানি হানাদার বাহিনী শহরের সেউজগাড়ির বাসভবন থেকে তুলে নিয়ে হত্যা করে। সে সময় মহসীন আলী দেওয়ান বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক উত্তরবঙ্গ বুলেটিনের সম্পাদক ছিলেন। ঢাকার দৈনিক ইত্তেহাদ ও ইনসাফে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। পরে তিনি নওগাঁ ডিগ্রি কলেজে শিক্ষকতায় যুক্ত হন। এরপর তিনি বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান হয়েছিলেন। টিএমএসএস পরিদর্শন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন শনিবার বগুড়ায় অবস্থিত এশিয়ার অন্যতম প্রধান নারী স্বেচ্ছাসেবী সংগঠন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর প্রতিষ্ঠাকালীন কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে পৌঁছলে টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড.হোসনে আরা বেগমসহ অন্য পরিচালকবৃন্দ তাকে স্বাগত জানান। এসময় তাকে সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাসসহ বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন নির্বাহী পরিচালক। পরে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক টিএমএসএস’র শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং হস্তশিল্প, কাগজ মিল, হাসপাতাল ও এতিমখানাসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। তার সাথে সাংবাদিক ফারুখ ফয়সলসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। টিএমএস’র পক্ষে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আয়েশা বেগম, পরিচালক (স্বাস্থ্য) ডা:মতিয়ার রহমান, পরিচালক (কার্যক্রম) জাকির হোসেন ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব রফিকুল ইসলাম প্রমুখ। বগুড়া ব্যুরো অফিস পরিদর্শন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ৩ দিনের সফরে বগুড়ায় অবস্থান করছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন। ঐদিন বিকেলে তিনি দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিস পরিদর্শন করেন। এসময় তাকে শুভেচ্ছা জানান বগুড়া ব্যুরো অফিসের প্রধান (ভারপ্রাপ্ত) জিএম সজল। এরপর তিনি শহরের টিএমএসএস মহিলা মার্কেট পরিদর্শন করেন। শনিবার বিকালে তিনি ইত্তেফাকে কর্মরত জেলার সকল প্রতিনিধির সাথে মতবিনিময় করেন।