আজও আদায় হয়নি পরিবেশ ও গ্যাসের ক্ষতিপূরণ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৪৫
মাগুরছড়া ট্র্যাজেডির ১৭ বছর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চল মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিষ্ফোরণের ১৭ বছর পূর্ণ হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত বন, পরিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতিপূরণ মেলেনি। দীর্ঘ ১৭ বছরে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রসহ মৌলভীবাজারের গ্যাস ক্ষেত্রসমূহ-এর বন্দোবস্তের মালিকানা অক্সিডেন্টাল, ইউনোকল হয়ে এখন মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেভরনের হাতে এসেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ব্যক্তি মালিকানাধীন ফুলবাড়ি চা বাগানের ৩ একর ভূমি অধিগ্রহণ করে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানি মাগুরছড়ায় গ্যাস কূপ খনন কাজ করাকালীন ১৯৯৭ সালের ১৪ জুন রাতে হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বদলে যায় রাতের নিসর্গ। ভীত সন্ত্রস্ত মানুষ ঘর থেকে বের হয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। প্রায় ৫০০ ফুট উঠে আগুনের লেলিহান শিখা। দগ্ধ হয় লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ফুলবাড়িসহ ছোট-বড় ১৩টি চা বাগান। কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলাবাসীর জনজীবনে নেমে আসে দুঃস্বপ্নের দিন। গ্যাস বিস্ফোরণের ফলে পরিবেশ, বনাঞ্চল, রেলওয়ে, রোড ও হাইওয়ে, পিডিপি, পল্লী বিদ্যুত্, পানপুঞ্জির ব্যাপক ক্ষতি হয়। সিলেট আখাউড়া রেলপথে ১৬৩ দিন সরাসরি রেল যোগাযোগ বন্ধ থাকে। এছাড়া বন্ধ হয়ে যায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সরাসরি সড়ক যোগাযোগ। গ্যাস উত্তোলনের জন্য পরপর ৩টি মার্কিন কোম্পানি বদলি হলেও আজও আদায় হয়নি পরিবেশ ও গ্যাসের ক্ষতিপূরণ। সম্প্রতি সংরক্ষিত বনাঞ্চল মাগুরছড়া ও লাউয়াছড়ার বুক চিরে শেভরন ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ কাজ সম্পন্ন করেছে। অজানা আতঙ্কের মাঝেই আজ পূর্ণ হচ্ছে মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরণের ১৭তম বছর। কিন্তু সরকারি তদন্ত কমিটির রিপোর্ট আজও জন সম্মুখে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান ইত্তেফাককে বলেন, বিষ্ফোরণকালে বিকট শব্দে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অনেক বন্যপ্রাণী বের হয়ে গেছে। পরিবেশ ও জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) মাহবুবুর রহমান বলেন, অক্সিডেন্টাল থেকে শুরু করে ইউনোকল হয়ে এখন গ্যাস ক্ষেত্রের মালিকানা চলে গেছে শেভরন বাংলাদেশের কাছে। মাগুরছড়া বিষ্ফোরণে কমলগঞ্জ সংরক্ষিত বনাঞ্চলের ৬৯৫ হেক্টর বনের গাছ গাছালি, পশু পাখি ও বনবাসির যে ক্ষতি হয়েছে সে জন্য কোন ক্ষতিপূরণ মিলেনি। এদিকে কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিষ্ফোরণের ১৭ বছর পূর্তিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং বন ও পরিবেশসহ সার্বিক ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ মানববন্ধন করা হয়।