রোহিঙ্গারা ভোটার হতে মরিয়া

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৪৫
আজ উখিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়া উপজেলায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এ উপলক্ষে শনিবার উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গারা যাতে কোনভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। ১০ দিনব্যাপী চলমান এ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ জুন। জানা গেছে, রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে ৫ লক্ষাধিক রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। এসব রোহিঙ্গা দীর্ঘকাল যাবত্ বসবাস করার সুবাধে পারিবারিকভাবে তারা স্থানীয়দের সাথে মিশে গেছে। এমনকি অনেক ক্ষেত্রেই বৈবাহিক সম্পর্ক হওয়ায় রোহিঙ্গারা আরো ঘনিষ্ট হওয়ার সুযোগে বার বার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে এদেশের নাগরিকত্ব লাভের চেষ্টা করছে। আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার ঘোষণায় অতিশয় তত্পর হয়ে রোহিঙ্গারা তাদের নিকটতম আত্মীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। স্থানীয়ভাবে বৈধ-অবৈধ রোহিঙ্গা নাগরিক ছাড়াও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে প্রতিনিয়ত অসংখ্য রোহিঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট নিয়ে অনুপ্রবেশ করে কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তিতে। আশ্রয় নিয়ে দেন দরবার শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা কিছু কিছু রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠালেও তাদের চোখ ফাঁকি দিয়ে অসংখ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে। ঐসব রোহিঙ্গা মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়া নাগরিকত্ব সনদ দেখিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।