কার্লোস তেভেজের স্ত্রী ভ্যানেসা মানসিলা তার স্বামীকে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ দেয়াকে ‘সম্পূর্ণ অন্যায়’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘সে (তেভেজ) লিওনেল মেসি ও গঞ্জালো হিগুইয়েনের চেয়ে ভাল খেলোয়াড়।’ আলেসান্দ্রো সাবেলা কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রয়েছেন জুভেন্টাস তারকা তেভেজ এবং ব্রাজিল বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন তিনি।
আর্জেন্টিনার পুরো দলের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করে মানসিলা বলেন, ২৩ সদস্যের দলের প্রত্যেকের চেয়েই তেভেজ ভাল খেলোয়াড়। তবে তেভেজ সুযোগ না পাওয়ায় পুরো পরিবার নিয়ে ছুটি কাটাতে পেরেও তিনি খুশি বলে জানান। মানসিলা বলেন, ‘তাকে দলে না ডাকাটা পুরোপুরি অন্যায়। তাদের দলে জনগণের প্রিয় একজন খেলোয়াড় নেই। সবাই জানে জাতীয় দলের যে ২৩ জন খেলোয়াড় ব্রাজিলে খেলবে তেভেজ তাদের সবার চেয়ে ভাল। অন্যদিক থেকে এটাও ভাল হয়েছে যে তেভেজ দলে নেই। তাই সে এখন আমাদের সন্তান ফ্লোরেন্টিয়া, কাইট ও লিটোকে নিয়ে হলিডে কাটাতে পারবে। সন্তানদেরকে সময় দিতে পারবে।’
