কোন্ পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে\/ চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পুব-বাতাসে/ মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে\/ লাগল যে দোল বনের মাঝে অঙ্গে সে মোর দেয় দোলা যে।/ যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে/ আজ এই মেঘের শ্যামল মায়ায় সেই বাণী মোর সুরে আনে\ (রবীন্দ নাথ ঠাকুর)। আষাঢ় এলেই মেঘের শ্যামল মায়ায় মাটির টান টের পায় বাংলার মানুষ। আজ পহেলা আষাঢ় ১৪২১ রবিবার। সময়ের পরিক্রমায় এসেছে বর্ষা। এসেছে প্রকৃতিতে সবুজের সতেজ স্পর্শ ছড়িয়ে দিতে। ঋতুকাল বর্ষা বাংলার প্রাণ। বর্ষায় বাংলার মাঠে মাঠে শস্য বোনার উত্সব শুরু হয়। কবি, সাহিত্যিকদের লেখায় এই বর্ষা ধরা দিয়েছে নানা মাত্রায়। গুরু গুরু মেঘের মাদল বাজিয়ে রিমঝিম বৃষ্টি বাঙালির মনে ছড়িয়ে দেয় নানা মাত্রার অভিব্যক্তি। এই বর্ষা কখনো বিরহ যাতনার উপলক্ষ, কখনো সর্বনাশী, সর্বগ্রাসী। মানুষের জীবনের মানচিত্র পাল্টে দিয়ে সব ওলট-পালট করে দিয়ে যায় বর্ষা। এই ঋতুকে বরণ করে নিতে প্রতিবারের মত এবারও নানা আয়োজনে মুখর হয়ে উঠবে রাজধানী ঢাকা।
বর্ষা উত্সবের যত আয়োজন
আষাঢ়ের প্রথম প্রভাতকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও প্রস্তুত উদীচী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজন করতে যাচ্ছে বর্ষা উত্সব। একই সময় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজন করেছে বর্ষা উত্সবের।
বকুলতলার অনুষ্ঠানে শুরুতেই থাকবে বিজন চন্দ মিস্ত্রীর যন্ত্রসঙ্গীত পরিবেশনা। এরপর থাকছে দলীয় নৃত্য। থাকবে অগ্নিবীণা শিল্পকলা বিদ্যালয়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর গেণ্ডারিয়া, পল্লবী, মিরপুর শাখার শিল্পীদের দলীয় সঙ্গীত পরিবেশনা। এরপর শিল্পী বিজন চন্দ মিস্ত্রীর উচ্চাঙ্গ সঙ্গীত। এ ছাড়াও থাকছে আবৃত্তি। আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিমের সঞ্চালনায় থাকবে সঙ্গীত ও আবৃত্তি আড্ডা। এতে উপস্থিত থাকবেন সালমা আকবর, সোমা রানী রায়, আজিজুর রহমান তুহিন, মামুন জাহিদ খান, ছায়া কর্মকার, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম ময়না, বিমান চন্দ বিশ্বাস, মহিউজ্জামান চৌধুরী ময়না, মহুয়া মঞ্জরী জয়িতা, সেমন্তী মঞ্জরী, সুনন্দা, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ সঙ্গীত শিল্পী। এছাড়াও থাকবেন আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ ও উদীচীর সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
এরপর বর্ষা কথনে অংশ নেবেন বরেণ্য শিল্পী হাশেম খান। এসময় উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ ীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাবেক সাধারণ সম্পাদক ও কৃষিবিদ রেজাউল করিম সিদ্দিক রানা, কৃষক আইউব আলী এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। এ পর্বের শেষে বর্ষা ঘোষণা পাঠ করবেন উদীচীর কেন্দ ীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
বর্ষা কথনের পর অনুষ্ঠানের তৃতীয় পর্বের শুরুতেই থাকবে স্পন্দন-এর পরিবেশনায় দলীয় নৃত্য। এরপর গান, নাচ ও আবৃত্তি পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এরপর একক সঙ্গীত পরিবেশন করবেন উদীচীর শিল্পী আশরাফুল আলম, রিমিলা করিম, বিপ্লব রায়হান, সীমান্ত সজল, সায়ের হোসেন পাপ্পু এবং মোহাম্মদ ফরহাদ হোসেন। এ পর্বের শেষাংশে থাকবে উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদের শিল্পীদের দলীয় পরিবেশনা। বর্ষা উত্সবের অনুষ্ঠানমালার এ পর্বটি উপস্থাপনা করবেন উদীচী কেন্দ ীয় কমিটির সদস্য হালিমা নূর পাপন। উদীচীর বর্ষা উত্সব সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
