মিরপুরের বিহারী পল্লীতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার এক বিবৃতিতে ওই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিহারী ক্যাম্পে ন্যক্কারজনক হামলায় ১০ জনের প্রাণহানি এবং বহু লোক আহতের ঘটনায় আওয়ামী সন্ত্রাসী এবং আইন-শৃঙ্খলা বাহিনী জড়িত বলেও দাবি করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধু বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, এদের কারণেই সাধারণ নাগরিকরাও ভয় ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনেরও জোর দাবি করেন তিনি।
বিহারী ক্যাম্পে বিএনপির প্রতিনিধিদল
মিরপুরের বিহারী ক্যাম্পে ১০ জনের প্রাণহানী এবং অসংখ্য লোক আহত হওয়ার ঘটনায় সমবেদনা জানাতে বিএনপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল্ ইসলাম মিয়া এবং ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গতকাল বিকালে অকুস্থলে যান। এর আগে নেতৃবৃন্দ মিরপুরের বিহারী ক্যাম্পের নাশকতামূলক ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে আহতদের সুচিকিত্সার বিষয়ে নেতৃবৃন্দ চিকিত্সকদের সাথে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আব্দুল মালেক।
খতমে কোরআন ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিয়ষক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
