বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে আজ রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে গত শুক্রবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল আলম।
তিনি ইত্তেফাককে বলেন, উপ-নির্বাচনে আইন-শৃংখলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে শুক্রবার থেকে ৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে ৪টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ শুরু করছে। ৪টি ভ্রাম্যমাণ আদালতের তদারকিতে ২ জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে কাজ করছে আরো ২টি টিম।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) মো. কামরুজ্জামান জানান, আগামী ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে। জেলা প্রশাসক শহীদুল আলম জানান, বিজিবিসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী যে যখন যাদের প্রয়োজন হবে সেখানে তাদের কাজে লাগানো হবে।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ (নৌকা) ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন (টেলিভিশন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। মোট ভোটকেন্দ্র ১৫৯টি। উল্লেখ্য, গত ৯ এপ্রিল এ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন মারা গেলে আসনটি শূন্য ঘোষনা করা হয়।
