কারো পরনে আর্জেন্টিনার জার্সি, কারো পরনে ব্রাজিলের জার্সি, আবার কারো পরনে স্পেনের জার্সি! ভালো করে খেয়াল করলে চোখে পড়ে বল করছেন নেইমার, ব্যাট করছেন মেসি, আবার ফিল্ডিং করতে ছুটছেন হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যাওয়ার পথে বিশ্বসেরা ফুটবলারদের এই ক্রিকেট খেলা দেখে থমকে যেতে হল। তাহলে কী ব্রাজিল থেকে বিশ্বকাপ ফেলে বাংলাদেশে চলে এসেছেন নেইমার, মেসিরা!
না, মেসি-নেইমাররা আসেননি; এসেছে বিশ্বকাপের জ্বর। সারা পৃথিবীর মতো বাংলাদেশও ফিফা বিশ্বকাপের জ্বরে আক্রান্ত; এই ফুটবল জোয়ারের ছোঁয়া এসে লেগেছে ক্রিকেটের গায়েও। আর জ্বর নিয়েই আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
আজ দুপুর একটা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডের এই দিবা-রাত্রির ম্যাচ। আগামী ১৭ ও ১৯ জুন সিরিজের বাকী দুটি ম্যাচও দিবা-রাত্রির; অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
দু’ দলের অধিনায়কই সংবাদ সম্মেলনে বললেন, পৃথিবীর কোটি কোটি মানুষের মতো তারাও ব্রাজিলে চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতেছেন। তবে সেই মাতামাতিকে আজ থেকে ছুটিতে পাঠাতেই হচ্ছে। কারণ, এবার যে নিজেদের মাঠে নামার পালা। আর এই মাঠের লড়াইয়ে অত্যন্ত বিরলভাবে ভারতের বিপক্ষে চলতি সিরিজ অন্তত অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ এগিয়ে থাকা দল হিসেবেই মাঠে নামবে।
সদ্য শেষ হওয়া আইপিএলের ক্লান্তি এবং ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের বাজিয়ে দেখা; এই দুই লক্ষ্য সামনে নিয়ে ভারত একেবারে তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দল পাঠিয়েছে বাংলাদেশ সফরে। সুরেশ রায়নার নেতৃত্বে এই দলে নিয়মিত অধিনায়ক মহেন্দ সিং ধোনি বা তার ডেপুটি বিরাট কোহলি নেই। নেই রবিচন্দন অশ্বিন, রোহিত শর্মারাও।
ফলে অন্তত ম্যাচ খেলার অভিজ্ঞতায় এই সিরিজে মুশফিক, তামিম, সাকিবরা এগিয়ে আছেন। এই প্রসঙ্গ উঠতে মুশফিক অবশ্য বললেন, ‘এই পর্যায়ে ম্যাচ অভিজ্ঞতা খুব বড় পার্থক্য গড়ে দেয় না। কারণ, ভারত যাদের নিয়ে এসেছে, এরা সবাই আইপিএলে দারুণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকলেও সেই উত্তাপটা বোঝে।’
সে বিচারে বাংলাদেশের একমাত্র আইপিএল খেলা তারকা সাকিব আল হাসানও আছেন দারুণ ফর্মে। বাকীরা সম্প্রতি ম্যাচ না খেলায় ফর্মের কথা ঠিক বলা যাচ্ছে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ বিবেচনায় নিলে বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালো ফর্মে আছেন, এমন দাবি করা কঠিন।
তারপরও বাংলাদেশের অধিনায়ক আশাবাদী যে, তাদের এই মাঝের সময়টাতে যে ধরনের অনুশীলন হয়েছে এবং যে বিশ্রাম পেয়েছেন, তাতে এই সিরিজে একটু নতুন চেহারাতেই দেখা যাবে বাংলাদেশকে। নতুন চেহারা বলতে, মুশফিক পরিষ্কার করে দিলেন তারা জয়ের চেয়ে কম কিছু আশা করছেন না।
এমনিতে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকাটা বাংলাদেশ অধিনায়কের জন্য দারুণ একটা স্বস্তির খবর। ফলে তিনি তার সেরা একাদশই মাঠে নামাতে পারবেন। সেরা একাদশে আজ অভিষেক হওয়ার সুযোগ আছে তরুণ পেসার তাসকিন আহমেদ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন আলীর। বিশেষ করে বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যত্ বলে বিবেচিত তাসকিনের সামনে বেশ ভালো একটা সুযোগ আছে বলেই মনে করা হচ্ছে।
