যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গত বৃহস্পতিবার পৃথকভাবে কংগ্রেসম্যান স্টিভ স্যাবোট, জোসেফ ক্রাউলি, ইলিয়ট এ্যাংগেল, জর্জ মিলার, গ্রেস মেং এবং জান সাকোস্কি-এর সমন্বয়ে গঠিত কংগ্রেসম্যান প্যানেল সদস্যরা সাক্ষাত্ করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কংগ্রেসম্যানদের অবহিত করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে আইএলও, এলায়েন্স, এ্যাকর্ড এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও পরামর্শ বাস্তবায়ন করে চলেছে এবং এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ করে গার্মেন্টস পণ্যের কোটামুক্ত ও শুল্কমুক্ত সুবিধা প্রদানে তাদের সহযোগিতা চান।
বিগত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কংগ্রেসম্যান স্টিভ স্যাবোটের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে ক্ষমতা হস্তান্তরে যথাসময়ে নির্বাচন আয়োজন করা সরকারের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তখন বারবার উদ্যোগ গ্রহণ সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলসমূহ নির্বাচন বর্জন পূর্বক দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে।
স্টিভ স্যাবোট বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে কংগ্রেসে তার সহকর্মীদের সাথে আলোচনা করবেন।
পরে বাণিজ্যমন্ত্রী ডেমোক্রেটিক পার্টির ৫ জন কংগ্রেসম্যানের সমন্বয়ে গঠিত প্যানেলের সাথে বৈঠক করেন। বৈঠকে তারা বাংলাদেশের উল্লেখ্যযোগ্য অগ্রগতির প্রশংসা করেন এবং কার্যকর ট্রেড ইউনিয়ন পরিচালনা সুনিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানান।
