মাদার ট্যাংকারের ধাক্কায় মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে ফাটল

আপডেট : ১৪ জুন ২০১৪, ২২:৫২
জ্বালানি তেলবাহী ট্যাংকার ‘এমটি এনজর্ড এরিক’ এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মেঘনা পেট্রোলিয়ামের ডলফিন-৫ জেটির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে তদন্ত কমিটি। শুক্রবার বেলা ২টায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে জেটিতে ভিড়ার সময় মালয়েশিয়ার পতাকাবাহী মাদার ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড ধাক্কা দিলে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়। ট্যাংকারটি যমুনা অয়েলের জন্য আনা তেল খালাসে জেটিতে ভিড়ছিলো। ঘটনার পরপরই মেঘনা পেট্রোলিয়াম জেটি ক্ষতিগ্রস্ত করার জন্য এমটি এনজর্ড এরিককে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছে। ঐদিনই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের নির্দেশে যমুনা অয়েল কোম্পানির এমডি আলিমুদ্দিনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এমডি আলিমুদ্দিন ইত্তেফাককে বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বের করার জন্য বুয়েটের বিশেষজ্ঞদের কাজে লাগানোর চিন্তা করা হচ্ছে। স্থানীয় পিএন্ডআই ক্লাব গ্যারান্টি দিলে জাহাজটিকে ছেড়ে দেয়া হবে। তবে জাহাজ মালিককে পিএন্ডআই ক্লাবের মাধ্যমেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তিনি জানান, ডিজেলবাহী ট্যাংকারটির মাস্টারের সাক্ষাত্কার নেয়া হয়েছে। মাস্টার জানান, জেটিতে ভেড়ার সময় জেটি থেকে ছেড়ে আসা আরেকটি ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। আলিমুদ্দিন বলেন, মাস্টার এর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।