গল্প নয় সত্যি

গুলির নিশানা যখন চাঁদ

আপডেট : ১৫ জুন ২০১৪, ১৯:৫৮
নেশায় বুদ হয়ে কত ধরনের পাগলামিই না মানুষ করে। নেশাগ্রস্থ হওয়ার পর কেউ কেউ যেমন অসংলগ্ন আচরণ বা হৈ-হল¬া দিয়ে অন্যের বিরক্তির কারণ হন তেমনি নেশার পাল¬ায় পড়ে অন্যকে আঘাত করা বা হত্যার চেষ্টা করার মতো কাণ্ডও নেহাত বিরল নয়। তবে নিজের অভিনব কীর্তি দিয়ে এবার যেন সবাইকেই ছাড়িয়ে গেছেন আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ক্যামেরন রিড নামের এক ব্যক্তি। সম্প্রতি মারিজুয়ানা সেবনের পর চাঁদের দিকে নিশানা করে বেশ কয়েক রাউন্ড গুলি করার অভিযোগে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করে তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, গেল শুক্রবার মধ্যরাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রেসকট ভ্যালি’র বাসা থেকে নেশাগ্রস্থ অবস্থায় এবং আগ্নেয়াস্ত্রসহ তারা গ্রেপ্তার করেন ৩৯ বছর বয়সী ঐ ব্যক্তিকে। এর আগে চাঁদের দিকে তাক করে তার এই গুলি করার চেষ্টার কথা ফোন করে পুলিশকে জানান তারই বান্ধবী। নাম প্রকাশ না হওয়া ঐ নারী পুলিশকে জানান যে, মারিজুয়ানা সেবনের পর ক্যামেরন প্রথমে হ্যালির ধূমকেতু দেখতে পেয়েছেন বলে বন্দুক হাতে বাইরে বেরিয়ে আসেন। তারপর একে একে চাঁদের দিকে নিশানা করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়েন তিনি। এ অবস্থায় অনেকটা নিরাপত্তা ভয়ে ভীত হয়েই পুলিশকে বিষয়টি জানাতে বাধ্য হন ক্যামেরনের বান্ধবী। এদিকে ক্যামেরনকে গ্রেপ্তার করতে যাওয়া প্রেসকট ভ্যালি পুলিশের এক মুখপাত্র সার্জেন্ট ব্র্যান্ডন বনি জানান, নেশাগ্রস্থ ক্যামেরন তাকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের সাথেও বেশ কয়েক দফা ধস্তাধস্তি করেন। তবে পরে পুলিশের জেরার মুখে তিনি চাঁদের দিকে তাক করে গুলি করা এবং মারিজুয়ানা সেবনের বিষয়টি স্বীকার করে নেন। পরে আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার, পুলিশের কাজে বাধা দেওয়া এবং বেসামাল আচরণের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে ইয়াভাপাই কাউন্টি জেলে প্রেরণ করা হয়।