তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:০৪
থিননেট হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল ক্যাবলিং মিডিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ২য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। ক্যাবল সম্পর্কে তোমরা প্রতিটি লেখা সংগ্রহ করে মনোযোগ সহকারে পড়বে। প্রশ্ন-১। কো-এক্সিয়াল ক্যাবল ও টুইস্টেড পেয়ার ক্যাবল এর বর্ণনা দাও। উত্তর: কো-এক্সিয়াল ক্যাবল: LAN এ ব্যবহূত প্রথম ক্যাবল হচ্ছে কো-এক্সিয়াল ক্যাবল। কো-এক্সিয়াল ক্যাবলের চারটি অংশ রয়েছে। একটি কেন্দ্রীয় কন্ডাক্টর থাকে। সাধারণত এটি সলিড কপার ওয়্যার হয়ে থাকে। একটি বহিঃস্থ কন্ডাক্টর থাকে যা কেন্দ্রীয় কন্ডাক্টারের চারদিকে একটি টিউব তৈরি করে। এটি ব্রেইডেড ওয়্যার, মেটালিক ফয়েল অথবা উভয়ের সমন্বয়ে গঠিত। বহিঃস্থ কন্ডাক্টারটি গ্রাউন্ড হিসেবে কাজ করে এবং এটি কেন্দ্রীয় কন্ডাক্টরকে EMI থেকে রক্ষা করে। বহিঃস্থ কন্ডাক্টরটিকে অন্তঃস্থ কন্ডাক্টরের সংস্পর্শ থেকে পৃথক করার জন্য এদের মাঝে একটি ইনসুলেশন লেয়ার থাকে। ক্যাবলটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের জ্যাকেট দ্বারা আবৃত থাকে। এর ডেটা পরিবহন ক্ষমতা 10 mbps। গঠন অনুসারে কো-এক্সিয়াল ক্যাবলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. থিননেট: থিননেট হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল ক্যাবলিং মিডিয়া। এই ক্যাবলিং মিডিয়া কম ব্যয়বহুল এবং অতি সহজে ইনস্টল করা যায়। এর ব্যাস 0.25 ইঞ্চি। ২. থিকনেট: থিকনেট হচ্ছে ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া। এটি থিননেটের চেয়ে পুরু ফলে সহজে বাঁকানো যায় না। বিল্ডিং থেকে বিল্ডিং-এ সংযোগের জন্য নিরাপদে ইনস্টল করা যায়। এর ব্যাস 0.4 ইঞ্চি। টুইস্টেড পেয়ার ক্যাবল: দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে এ ধরনের ক্যাবল তৈরি করা হয়। প্যাঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এ ধরনের ক্যাবলে সাধারণত চার জোড়া তার ব্যবহার করা হয়। যার মধ্যে একটি কমন সাদা তার থাকে এবং অপর তারগুলো ভিন্ন রঙের থাকে। টুইস্টেড পেয়ার ক্যাবল খুবই জনপ্রিয়। এটি তুলনামূলক স্বল্পমূল্যের। এটি ইনস্টল করাও সহজ। কপার ওয়্যারসমূহ টুইস্টেড করানো হয় যা EMI রোধ করে। এই টুইস্টেড EMI কমানো ছাড়াও ক্যাবলকে রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজ বিকিরণ করা থেকেও বিরত রাখে। অর্থাত্ টুইস্টেড পেয়ার ক্যাবল বাইরের দুষণমুক্ত এবং এটি ব্যবহারের ফলে কথা বলার সময় কোন অসুবিধা হয় না। 100 মিটার বা তার চেয়ে কম দূরত্বের মধ্যে এ ক্যাবল ব্যবহার করা হয়। এ ক্যাবল সহজে বহন করা যায়, খরচ কম এবং ইনস্টল করা সহজ। টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0 – 5 MHz। LAN এ দুই ধরনের টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহূত হয়। যথা- ১. শিল্ডেড টুইস্টেড পেয়ার : শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলে 4টি কপার তার দ্বারা আবৃত থাকে। তারের প্রত্যেকটি জোড়া একে অপরের চেয়ে কালার কোডের মাধ্য্যমে পৃথক থাকে। ২. আনশিল্ডেড টুইস্টেড পেয়ার: আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলের সাহায্যে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। তা ছাড়া এ ধরনের ক্যাবলে ট্রান্সমিশন লস অনেক বেশি থাকে। এ ক্যাবলের ব্যান্ডউইথড 16 mbps।