বিক্রয়ের চাপে ডিএসই’র সূচকের পতন

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:১৯
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে। ফলে কমেছে সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজার থেকে মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বিক্রয়ের চাপ বেড়ে যাওয়ায় সূচকের পতন হয়েছে। তাছাড়া বাজেটে শেয়ারবাজার সংক্রান্ত ইস্যুগুলোতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মতামত দেয়ার পর বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে ধীরে চল নীতি অবলম্বন করছেন। এতে বাজারের লেনদেন প্রায় ১৫ শতাংশ কমে ৩শ’ কোটিতে নেমে এসেছে। এদিকে বাজারে প্রথম লেনদেন হওয়া পেনিনসুলা বিনিয়োগকারীদের মধ্যে খুব বেশি আশার সঞ্চার করতে পারেনি। ফলে লেনদেন বাড়েনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ১০ ভাগ শেয়ার ঘিরে লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ২৩ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। ডিএসই জানিয়েছে, নতুন উত্পাদন লাইনে বাণিজ্যিকভাবে সুতা রং করার (নিট ডাইং) কার্যক্রম প্রসারিত করেছে ঢাকা ডাইং। এতে প্রতিবছর দুই লাখ কেজি বাড়তি সুতা রং করার সক্ষমতা অর্জন করবে কোম্পানিটি। ইতিমধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন উত্পাদন কার্যক্রমের সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন প্রোডাকশন লাইনের কার্যক্রম নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। আগে থেকেই এ কোম্পানিটি সুতা রংয়ের কাজ করত। এছাড়া উচ্চমানসম্পন্ন আরেকটি সুতা রং করার প্ল্যান্ট (ইয়ার্ন ডাইং) স্থাপন করার সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনার পর্ষদ। প্রতিবছর ২০ লাখ কেজি সুতা রং করার সক্ষমতা থাকবে এই প্ল্যান্টের। এই প্ল্যান্ট স্থাপনের ব্যয়ও নিজস্ব অর্থায়নে করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।